হরমুজ প্রণালিতে আরোপিত টোল থেকে প্রথমবারের মতো আয় পেয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম কে বলেন, ‘হরমুজ প্রণালিতে আরোপিত টোল থেকে প্রাপ্ত প্রথম আয় কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা হয়েছে।’ তবে ঠিক কত পরিমাণ অর্থ জমা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে হয়ে থাকে। এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনেও এটি একটি প্রধান রুট।
গত ৩০ মার্চ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, পার্লামেন্টের নিরাপত্তা কমিশন টোল আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সংসদীয় ভোট হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছেন। একই সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্সসহ ৩০টিরও বেশি দেশের সামরিক পরিকল্পনাবিদরা এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন।







