ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর, আলোচনার আহ্বান ট্রাম্পের

ইরানের দিকে আরও একটি নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে দ্বিতীয় নৌবহর মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে।

দ্বিতীয় নৌবহর ইরানের দিকে যাত্রা শুরু করার মধ্যেই বুধবার (২৮ জানুয়ারি) ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এক বক্তব্যে তিনি বলেন, ‘এই মুহূর্তে আরেকটি সুন্দর নৌবহর ইরানের দিকে ভেসে যাচ্ছে। আমি আশা করি, তারা আমাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে।’

এর আগে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের একটি নৌবহর অবস্থান করছে, যা আকারে ভেনেজুয়েলার কাছে মোতায়েন নৌবহরের চেয়েও বড়। সর্বশেষ বক্তব্যে তিনি জানান, সেই নৌবহরের পাশাপাশি আরেকটি নৌবহরও ইরানের দিকে অগ্রসর হচ্ছে।

আরও পড়ুন:  ল্যুভর জাদুঘরে দুর্ধর্ষ চুরি, বন্ধ ঘোষণা

ইরানের দিকে যাত্রার আগে যুক্তরাষ্ট্রের রণতরী ও যুদ্ধজাহাজগুলো কয়েক মাস ধরে ভেনেজুয়েলার উপকূলে মোতায়েন ছিল। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার পর ইউএসএস আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়।

এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘ইরান আমাদের সঙ্গে চুক্তি করতে চায়। আমি জানি, তারা একাধিকবার যোগাযোগ করেছে। তারা কথা বলতে আগ্রহী।’

তবে ইরানের দিকে পাঠানো দ্বিতীয় নৌবহরটি কোন রণতরী বা যুদ্ধজাহাজ নিয়ে গঠিত, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেননি মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *