সোনার দাম আবারও বাড়ছে, বাজারে অস্থিরতা!

বিশ্ববাজারে সোনার দাম ফের বাড়ছে। সর্বোচ্চ দামের রেকর্ড গড়ার পর কিছুটা দরপতনের পর এখন দাম বেড়ে প্রতি আউন্স সোনার দাম ৫০ ডলার বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের জুন মাস থেকে সোনার দাম বাড়ার প্রবণতা শুরু হয়। ৭ জুন প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ২৯৩ ডলার, যা ১৬ জুলাই ২ হাজার ৪৬৮ ডলারে পৌঁছায়।

গত ২০ সেপ্টেম্বর ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৬০০ ডলার স্পর্শ করে। এরপর ২৬ সেপ্টেম্বর দাম আরও বেড়ে ২ হাজার ৬৮২ ডলার পর্যন্ত ওঠে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

সোনার রেকর্ড দাম হওয়ার পর কিছু সময় দাম কমার প্রবণতা দেখা যায়। ১ অক্টোবর প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৬৩১ ডলারে নেমে আসে, এবং ১০ অক্টোবর লেনদেনের এক পর্যায়ে দাম আরও কমে ২ হাজার ৬০৬ ডলার পর্যন্ত পৌঁছায়।

আরও পড়ুন:  নতুন কর্মসূচি ঘোষণা করলেন সচিবালয়ের কর্মচারীরা

তবে ১০ অক্টোবর লেনদেনের শেষদিকে সোনার দাম আবার বাড়তে শুরু করে, যা গত সপ্তাহের শেষ কার্যদিবস অর্থাৎ ১১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকে। এতে গত সপ্তাহের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৭ ডলারে, যা সপ্তাহের শেষ দিনে ২৩.৮৫ ডলার বা ০.৯১ শতাংশ বেড়েছে।

বিশ্ববাজারে সোনার দাম কমার মধ্যে গত ২৯ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়। সে সময় সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৫৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২০১ টাকা কমিয়ে এক লাখ ৩১ হাজার ১৯৭ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন:  ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের প্রাণহানি

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩৮ টাকা কমিয়ে এক লাখ ১২ হাজার ৪৫৩ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ৯২ হাজার ২৮৬ টাকা। বর্তমানে এ দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা।

এই দাম কমানোর আগে ২৬ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৮৯৩ টাকা বাড়িয়ে এক লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৪৯৬ টাকা বাড়িয়ে এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ১২২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৯৩ হাজার ১৬০ টাকা। দেশের বাজারে এটিই এখনো পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *