আপিলে শুনানির তিনদিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৬৮ জন

আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর চলা শুনানিতে এ পর্যন্ত ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এরমধ্যে আজ মঙ্গলবার তৃতীয় দিনে ৬১ জন এবং গতকাল সোমবার ৫১ জন ও আগের দিন ৫৬ জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন গত তিনদিন আপিল শুনানিতে এ সিদ্ধান্ত দেন। এ সময় প্রার্থীরা ও তাদের আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন।

নির্বাচনে অংশগ্রহণের জন্য দাখিল করা ২ হাজার ৭১২টি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেন এবং ১ হাজার ৯৮৫টি গ্রহণ করেন। তাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১ প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। এসব আপিলের বিষয়ে গত ১০ ডিসেম্বর শুনানি শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এ শুনানি চলবে। রায়ে সন্তুষ্ট না হলে প্রার্থীদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগও রয়েছে।

আরও পড়ুন:  পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মঈন ইউ আহমেদ

সবশেষ আজ তৃতীয় দিন ৯৮ জন প্রার্থীর আপিল শুনানি হয়। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬১ জন। এছাড়া, ৩৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি এবং ২ জন প্রার্থীর বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানানো হয়।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হয় গত ৩০ নভেম্বর পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর দাখিল করা মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই হয়, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ৯ ডিসেম্বর শেষ হয়। ১৫ ডিসেম্বর পর্যন্ত এ আপিল আবেদনগুলো নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *