ভারত সরকারের ২০১৯ সালের বহুল বিতর্কিত নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) পশ্চিমবঙ্গে কার্যকরের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল বুধবার তাঁর এই ঘোষণার ফলে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পরে যারা ভারতে ঢুকেছে, তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী বলে বিবেচিত হবে।
বিএসএফকে ২৭ কিলোমিটার জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার : বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত চার হাজার কিলোমিটারের। এর মধ্যে দুই হাজার ২০০ কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। এ কথা স্মরণ করিয়ে দিয়ে সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, বাকি চারটি রাজ্যে (আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়) ওখানকার সরকার বিএসএফের (বর্ডার সিকিউরিটি ফোর্স) চাহিদামতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। এই রাজ্যে দুই হাজার ২০০ কিলোমিটারের মধ্যে ১৬০০ কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে। আনুমানিক ৬০০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। এ জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দায়ী করেন তিনি।
বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা দিয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘আমরা বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে দ্রুততার সঙ্গে এই জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে চলেছি।’ আজকে এর সূচনালগ্নে আমরা ২৭ কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় সরকারি এবং বেসরকারি জমি, যা আমরা কিনেছি এবং যার সম্পূর্ণ অর্থ ভারতের সীমান্তরক্ষী বাহিনী আমাদের দিচ্ছে, আমরা সেটার সূচনা করলাম।’
সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া







