ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

দীর্ঘ আড়াই দশকের হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে চিহ্নিত করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ২৪ জনের বিরুদ্ধে তদন্ত এবং তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেন। রিটে অভিযোগ করা হয়েছে যে, অত্যন্ত পরিকল্পিতভাবে হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে সরিয়ে বেসরকারি খাতে হস্তান্তর করার অশুভ প্রক্রিয়ার সঙ্গে এই ব্যক্তিরা যুক্ত ছিলেন

রিট আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ মোট ২৪ জনকে বিবাদী করা হয়েছে। ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান যে, গত ৬ এপ্রিল তিনি এই মর্মে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কোনো সদুত্তর না মেলায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। তাঁর মতে, টিকা কর্মসূচি বন্ধ হওয়ার পর দেশে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে, যার ফলে শতাধিক শিশুর প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন:  বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী

রিট আবেদনে সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে তদন্ত প্রক্রিয়া চলাকালীন যেন অভিযুক্তরা দেশের বাইরে যেতে না পারেন, সে জন্য তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়েছে। রিটে বিবাদী হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যারিস্টার আশরাফুল ইসলামের দাবি, রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের এই হীন প্রচেষ্টা জনস্বাস্থ্যের জন্য চরম বিপর্যয় ডেকে এনেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে জনসম্মুখে আনার দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *