তৃণমূলকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে পারে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ বুধবার (২৯ এপ্রিল) শেষ হয়েছে। ভোট শেষ হওয়ার পরপরই প্রকাশ হতে শুরু করেছে বুথফেরত জরিপের ফলাফল। জরিপগুলোতে দেখা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও জানিয়েছে তারা।

পর্যবেক্ষক সংস্থাগুলো ভোটের মাঠের পরিস্থিতি, ভোটারদের তথ্য দিয়ে মূলত তাদের জরিপগুলো তৈরি করে। এরপর আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে তারা এ সম্ভাব্য ফল প্রকাশ করে। আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা হবে আগামী ৪ মে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে ২০১১ সালের রেকর্ড ভেঙে এবার ভোটদানের হার হয়েছে সর্বোচ্চ। ভোটগ্রহণ শেষের একঘণ্টা বাকী থাকতেই ভোট পড়ে ৮৯ দশমিক ৯৯ শতাংশ। প্রথম দফা নির্বাচনে একই সময় পর্যন্ত রাজ্যে ভোট পড়েছিল ৮৯ দশমিক ৯৩ শতাংশ। সেই হিসাবে দ্বিতীয় দফায় পড়া ভোট প্রথম দফাকেও ছাপিয়ে গেছে।

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট শেষের পর সবার মনেই ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন। তা হল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দূর্গ ভাঙতে সফল হবে?

আরও পড়ুন:  আরও পেশাদার ও দক্ষ বাংলাদেশি নিয়োগের আগ্রহ প্রকাশ লিবিয়ার

ছয়টি জরিপ সংস্থা এরই মধ্যে বুথ ফেরত জরিপ সমীক্ষার ফল প্রকাশ করেছে। এর মধ্যে চারটি সংস্থার সমীক্ষাই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে টপকে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ক্ষমতায় আসীন হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

ওদিকে, মাত্র ২ টি জরিপে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ‘জনমত পোল’ সংস্থার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে।

জরিপ সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, মমতা ব্যানার্জির নেতৃত্বধীন দল তৃণমূল কংগ্রেস ১৯৫ থেকে ২০৫ টির মতো আসন পাবে। আর বিজেপি পাবে ৮০ থেকে ৯০ আসন।

তাছাড়া, জরিপ সংস্থা ‘পিপলস পালস’ও তৃণমূল কংগ্রেসের জন্য ১৭৭ থেকে ১৭৮ টি আসন এবং বিজেপি ৮৫ থেকে ১১০ আসন পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

আরও পড়ুন:  চারদিকে পুষ্টিগুণে ভরা মৌসুমী ফল........

অন্যদিকে, বিজেপির বড় জয়ের ইঙ্গিত দিয়েছে ‘প্রজা পোল’ জরিপ সংস্থা। তারা বিজেপিকে ১৭৮ থেকে ২০৮টি আসনের মধ্যে জয়ী হওয়ার পূর্বাভাস দিয়েছে। আর তৃণমূল কংগ্রেস এই পোলের তথ্যানুযায়ী, ৮৫ থেকে ১১০টি আসন পেতে পারে।

‘পি-মার্ক’ এর সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৫০-১৭৫টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর তৃণমূল ১১৮-১৩৮ টি আসন পেতে পারে বলা হয়েছে।

‘ম্যাট্রিজ’ এর জরিপে বিজেপি ১৪৬-১৬১ আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর ‘পোল ডায়েরি’ এর সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১৪২-১৭১ টি আসন।

বিপরীতে তৃণমূল যথাক্রমে ১২৫-১৪০ এবং ৯৯-১২৭ আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এই দুই সংস্থার সমীক্ষায়।

‘চাণক্য স্ট্র্যাটেজিস’ এর সমীক্ষায় বলা হয়েছে, বিজেপি পেতে পারে ১৫০-১৬০ আসন এবং তৃণমূল পেতে পারে ১৩০-১৪০ আসন।

আরও পড়ুন:  চট্টগ্রাম ১৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ১৪৮। অধিকাংশ বুথফেরত জরিপই ইঙ্গিত দিচ্ছে যে, বিজেপি এবার তৃণমূলের দুর্ভেদ্য দুর্গে বড় ধরনের ভাঙন ধরিয়ে সরকার গঠন করতে পারে।

বুথ ফেরত জরিপের ফল যদিও প্রায় সময়ই মেলে না। কিন্তু ফল মিলে গেলে তা হবে এই রাজ্যে বিজেপির জন্য এক উল্লেখযোগ্য জয়। ভোটের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *