দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং ও এফ-২২ র্যাপ্টর স্টিলথ ফাইটারসহ কয়েক ডজন যুদ্ধবিমান ইতোমধ্যে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এই বৃহৎ সামরিক বহর যেকোনো সময় ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালাতে প্রস্তুত রয়েছে।
সামরিক বিশ্লেষকদের মতে, গত জুনে পরিচালিত ‘মিডনাইট হ্যামার’ অভিযানের মতো সীমিত পরিসরের হামলার বদলে এবার কয়েক সপ্তাহব্যাপী দীর্ঘস্থায়ী বিমানযুদ্ধ পরিচালনার সক্ষমতা নিয়ে প্রস্তুতি নিয়েছে ট্রাম্প প্রশাসন।
এদিকে জেনেভায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনায় কিছু অগ্রগতির ইঙ্গিত মিললেও উভয় পক্ষই তাদের মৌলিক অবস্থান থেকে সরে আসেনি।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, সাবেক মার্কিন সামরিক কর্মকর্তারা মনে করছেন, এই বৃহৎ শক্তি প্রদর্শনের লক্ষ্য হতে পারে ইরানকে কঠোর শর্তে একটি চুক্তিতে সম্মত হতে বাধ্য করা। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না যে তারা (ইরান) চুক্তি না করার পরিণতি ভোগ করতে প্রস্তুত।’







