লিবিয়ায় আটকে থাকা দেড় শতাধিক বাংলাদেশি আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন। বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে (ইউজেড ০২২২) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
ফিরে আসা অভিবাসীদের বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ অভিবাসীদের নিরাপদে দেশে ফেরানোর জন্য সরকারের প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার একটি সফল উদাহরণ।
ফিরে আসা বাংলাদেশিদের বেশিরভাগই মানব পাচারকারীদের মাধ্যমে প্রভাবিত হয়ে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর উদ্দেশে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই লিবিয়ায় থাকাকালীন অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। ফিরে আসা অভিবাসীদের অবৈধ অভিবাসন, বিশেষ করে লিবিয়া হয়ে ইউরোপে বিপজ্জনক যাত্রা সম্পর্কে কমিউনিটির মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
আইওএম প্রত্যেককে নগদ ৬ হাজার টাকা অর্থ অনুদান, খাদ্য সরবরাহ, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনে সাময়িক বাসস্থানের ব্যবস্থা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ মিশন এবং আইওএম লিবিয়াজুড়ে বিভিন্ন আটক কেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
…….ডিডিজে নিউজ/এম এফ







