ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হিসেবে ডিএমটিসিএলের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফকে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে, ৭ সেপ্টেম্বর ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এম এ এন ছিদ্দিককে নিয়ে কিছু সমালোচনামূলক তথ্য উঠে আসে, যার শিরোনাম ছিল “How a retired bureaucrat becomes metro monarch, muddles matters”। এই ঘটনার পরই তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এম এ এন ছিদ্দিক ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হন। ২০১৭ সালের ১১ অক্টোবর পর্যন্ত এ পদে থাকেন। এ পদ থেকে অবসরে গেলে তাকে ডিএমটিসিএলের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।
অন্যদিকে, ডিএমটিসিএলের নতুন এমডি আব্দুর রউফ এর আগে কোম্পানি সচিব ছিলেন। এরপর তাকে এমআরটি ৫–এর অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ পদেই তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।
…….ডিডিজে নিউজ/এম এফ







