নারায়ণগঞ্জে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘলা পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুড়ে গেলেও কোনো হতাহত হয়নি।

আজ শুক্রবার রাত ১০টার দিকে মৌচাক ইউটার্নে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

জানা গেছে, সিফাত নামক এক ব্যবসায়ীর মালিকানাধীন পুড়ে যাওয়া মেঘলা পরিবহনের বাসটি ভুলতা গাউছিয়া হতে কিছুসংখ্যক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। চলন্ত অবস্থায় মহাসড়কের ঢাকাগামী লেনের মৌচাক ইউটার্ন অংশে পৌঁছাতেই যাত্রীর ছদ্মবেশে থাকা দুর্বৃত্তরা আগুন দিয়ে বাস থেকে নেমে যান। আগুন মুহূর্তেই পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা দ্রুত নেমে নিজেদের রক্ষা করেছেন।

পরবর্তীতে পুলিশের উপস্থিততে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:  নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

ক্ষতিগ্রস্ত বাসের হেলপার তানজিল জানান, ১০-১২ জন যাত্রীসহ ঢাকার পথে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন সড়ক থেকে দুজন যুবক বাসে উঠে পেছনের সিটে গিয়ে বসেন। এরপর তারা ইউটার্নের সামনে এসে গাড়ি থেকে নামতেই আগুন ধরে যায়। এরপর অন্য যাত্রীরা চিৎকার দিয়ে দ্রুত বাস থেকে নেমে যান।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘বাসের হেলপারের ভাষ্যমতে গাউছিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে দুজন যুবক যাত্রীর ছদ্মবেশে উঠে আগুন দিয়ে নেমে যান। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।’

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থল পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছি এবং আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। বাসটিকে ডাম্পিংয়ে রাখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

আরও পড়ুন:  বিশ্ব শিশু দিবস: শিশুর জন্য ‘হ্যাঁ’ বলুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 15 =