গত বুধবার সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়ার পর এই চাপ আরো তীব্র হয়েছে। যদিও গত চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মজুরি বৃদ্ধির হার। ন্যূনতম মজুরি দ্বিগুণেরও বেশি করার দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করলে পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষ বাঁধে।
রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পরপরই ভারতের বস্ত্র খাতের শেয়ারের দাম হু হু করে বাড়তে শুরু করে। দেশটির গোকলদাস এক্সপোর্টসের শেয়ারের দাম ১১ শতাংশ পর্যন্ত এবং ট্রাইডেন্টের শেয়ার প্রায় ৫ শতাংশ বেড়েছে। এছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল এবং বর্ধমান টেক্সটাইলের মতো সম্ভাব্য লাভবান প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।
বিজিএমইএ পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ ও কাঁচামালের বাড়তি দাম উদ্যোক্তাদের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। তার ভাষায়, এমন এক সময়ে মজুরি বাড়াতে হলো যখন ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরো তীব্র হচ্ছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করলেও জানান, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্যত্র সরে যাওয়াটা একদিকে যেমন আর্থিক ক্ষতি কমাতে সাহায্য করছে, তেমনি বৈশ্বিক ক্রেতাদের ধরে রাখতেও সহায়তা করছে।
তবে কারখানা মালিকদের বড় দুশ্চিন্তা হলো, একবার যে ক্রয়াদেশ সরে গেছে, ক্রেতারা নতুন উৎস মূল্যায়ন করতে শুরু করলে ভবিষ্যতের ব্যবসাও হাতছাড়া হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে প্রকট হওয়া দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট উৎপাদন ব্যাহত করছে এবং অনেক কারখানাকে ব্যয়বহুল বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য করছে।
মহিউদ্দিন চৌধুরী জানান, সরবরাহকারী নির্বাচনের ক্ষেত্রে ক্রেতারা এখন দামের চেয়ে দ্রুত ডেলিভারি বা পণ্য পৌঁছানোর সময়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পৌঁছানোর চাপে থাকলে ব্র্যান্ডগুলোর কাছে দাম গৌণ হয়ে দাঁড়ায়। তার তথ্যমতে, বাংলাদেশের চেয়ে ভারত প্রায় এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রায় ১৫ দিন আগে পণ্য ডেলিভারি দিতে পারে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেখানে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও ডেলিভারি সম্পন্ন করতে পারে, সেখানে বাংলাদেশে সময় লাগে প্রায় ১২০ দিন।
চলমান অস্থিরতায় ঢাকা ও এর আশপাশের কারখানাগুলোতে আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়ে বড় ধরনের জট বা ‘ব্যাকলগ’ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য পৌঁছাতে অনেক কারখানা এখন ওভারটাইম এবং ব্যয়বহুল আকাশপথে (এয়ার ফ্রেইট) পণ্য পাঠানোর কথা ভাবছে।
ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে পোশাক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, অস্থিরতার কারণে নতুন ক্রয়াদেশ আসা বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, গত ১ নভেম্বর থেকে তার বেশিরভাগ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন এবং জানিয়েছেন যে আগের অর্ডারগুলো সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করে তারা বিকল্প ব্যবস্থা করে নিয়েছেন।
এর পাশাপাশি ভারত থেকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনাও ভবিষ্যতে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। শিল্পনেতারা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে দেশে স্থিতিশীলতা ফেরানো এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেন, অস্থিরতার সুযোগে যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর ফিরে নাও আসতে পারে। তার মতে, সাময়িক এই স্থানান্তর যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে রূপ না নেয়, তার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প খোলা রয়েছে এবং অস্থিরতা চলতে থাকলে তারা বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না।







