সাইবার হামলার শিকার এএফপি, বন্ধ রাখা হয়েছে কনটেন্ট প্ল্যাটফর্ম

ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি (এজেন্সি ফ্রান্স প্রেস) সাইবার হামলার শিকার হয়েছে। হামলার পর গ্রাহকদের সংবাদ, ছবি ও অন্যান্য কনটেন্ট ব্রাউজ এবং ডাউনলোড করার প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। কারা এই সাইবার হামলার সঙ্গে জড়িত, তা শনাক্ত করারও চেষ্টা চলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অভ্যন্তরীণ ই-মেইলে বলা হয়েছে, প্যারিসের স্থানীয় সময় রাত দেড়টার দিকে হামলাটি শুরু হয়। সংস্থাটির গ্রাহকদের সংবাদ ও অন্যান্য কনটেন্ট দেখার এবং ডাউনলোড করার অন্যতম প্ল্যাটফর্ম এএফপি ফোরাম ছিল হামলার লক্ষ্য।

হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই সংস্থাটির প্রযুক্তিগত দল অনুপ্রবেশ ঠেকাতে পদক্ষেপ নেয় এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এএফপি ফোরাম বন্ধ থাকবে। প্ল্যাটফর্মটি বন্ধ থাকায় গ্রাহকদের বিকল্প ব্যবস্থায় কনটেন্ট সরবরাহ করছে এএফপি।

আরও পড়ুন:  বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনতে সহায়তা করবে জাতিসংঘ

এদিকে ফ্রান্সের সাইবার নিরাপত্তা প্রধান ভিনসেন্ট স্ত্রুবেল বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, দেশটি নজিরবিহীন মাত্রার সাইবার নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এ ধরনের হামলা মোকাবিলায় সম্মিলিতভাবে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে স্ত্রুবেল বলেন, তারা এমন মাত্রার হুমকির মুখে রয়েছেন, যা আগে কখনো দেখা যায়নি এবং এর তীব্রতাও নজিরবিহীন।

ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটছে। সুইজারল্যান্ডের জুরিখভিত্তিক ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফাও বৃহস্পতিবার সাইবার হামলার শিকার হওয়ার কথা নিশ্চিত করেছে। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের অননুমোদিত প্রবেশ ঘটেছে।

এর আগে অক্টোবরে ফ্রান্সের কয়েকটি সুপারমার্কেট নজিরবিহীন সাইবার হামলার শিকার হয়। ওই হামলায় দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। নভেম্বরের শুরুতে যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম ও সুইডেনসহ ইউরোপের আরও ১০টি দেশে দোকানগুলোতে একই ধরনের তাপমাত্রা বৃদ্ধির ঘটনা ঘটে।

আরও পড়ুন:  স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মুখোমুখি আন্দোলনকারী-পুলিশ

অক্টোবরের ওই হামলার জন্য ইরানকে দায়ী করে ফ্রান্স। এ ঘটনায় প্যারিসে ইরানের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়। তবে ফ্রান্সের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে ইরান এবং দেশটির বিরুদ্ধে বারবার অভিযোগ তোলার নীতির নিন্দা জানায় তেহরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =