‘আমার তো ব্যথা লাগছে’

আদালতে যাওয়া-আসার অভিজ্ঞতা তার প্রায় ৬ বছরের। দীর্ঘ এই সময়ে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর- কারো সঙ্গে কখনো দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরীমণি।

অথচ কিছুদিন আগে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, ওই ব্যক্তি তাকে স্পর্শ করায় আপত্তি জানিয়েছিলেন তিনি।

পরীমণির কথায়, ‘সে যখন আমাকে ধরল আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন পরী। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান তিনি। এদিন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন:  মোবাইল ইন্টারনেটে ফিরেছে ফেসবুক

এ সময় পরীমণি বলেন, ‘এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ৬ বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে, কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন তারা সবাই এই ৬টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারো সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’

এদিকে এদিন পরীমণির বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত নতুন এই তারিখ ধার্য করেন।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরী। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর নতুন তারিখ ধার্য করা হয়েছিল।

আরও পড়ুন:  ড. ইউনূস কখনই আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব (বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবছরে পরীর নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমণি। তার গাড়িও মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ করা হয়।

আরও পড়ুন:  শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের ‘মানবিক সিদ্ধান্ত’: সংসদীয় কমিটির প্রতিবেদন

২০২২ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন বিচারিক আদালত। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের শুনানির প্রক্রিয়া শুরু হয়।

সব মিলিয়ে দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে চলা এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 15 =