নোট অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৬ শতাংশ। একই সময়ে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় ১০৪ বিলিয়ন ডলার।
তবে বর্তমান সরকারের সময়ে ঋণ ব্যবস্থাপনায় কিছু অগ্রগতির দাবি করা হয়েছে নোটে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের অর্থায়ন ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় নেমেছে। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
এ ছাড়া সরকারের ঋণ নেয়ার ব্যয়ও কমেছে বলে উল্লেখ করা হয়েছে। ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এ হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে বলে নোটে বলা হয়েছে।
ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনায় রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে চিহ্নিত করা হয়েছে। করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
পাশাপাশি ব্যাংকিং খাত পুনর্গঠন, সরকারি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনার কথা বলা হয়েছে। নোটে আরও বলা হয়েছে, ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে কম সুদের দীর্ঘমেয়াদি ঋণকে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি ভালোভাবে যাচাই করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম প্রকল্পে ঋণের অর্থ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়েছে।
দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ঋণের উৎস সম্প্রসারণে ইউরোবন্ড, সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো নতুন অর্থায়ন উপকরণ ব্যবহারের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে উপযুক্ত সময়ে অর্থ সংগ্রহের কথা বলা হয়েছে।







