এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। আগুনে বাড়ির একাধিক কক্ষ পুড়ে যাওয়ার পাশাপাশি গবাদিপশুরও ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। এ ছাড়া দুটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, নুসরাত তাবাসসুমের মা-বাবা বাড়ি থেকে প্রায় ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত অন্য একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। ওই ভবনে আগুন ছড়ায়নি। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি বলে জানান তিনি।
এদিকে, নুসরাত তাবাসসুমের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোলবোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে এনসিপি। দলটির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করা হয়। একই অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ঘটনার বিষয়ে জানতে নুসরাত তাবাসসুমের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি ধরেন এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান। রাত ২টার দিকে তিনি জানান, খবর পেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ তারা ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।
ঘটনার বর্ণনা দিয়ে ওয়াহিদুজ্জামান বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্যের পৈতৃক ও স্থায়ী বাড়ি লক্ষ্য করে রাত ১২টার পর হামলা চালানো হয়। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং অন্যটি বাড়ির উঠানে পড়ে।
হামলায় বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে তিনি বলেন, ঘটনার সময় বাড়িতে নুসরাত তাবাসসুমের মা-বাবা, চাচাতো ভাই-বোন, দুই ভাবিসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এ ছাড়া গবাদিপশুর শেডে আগুন লেগে কয়েকটি পশু দগ্ধ হয়ে মারা গেছে বলে জানান তিনি।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =