১১ বছরের শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনার মদন উপজেলায় এগারো বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে একটি মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডিত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ধর্ষণের কারণে জন্ম নেওয়া শিশুকন্যার লালন-পালন, শিক্ষা ও চিকিৎসাসহ সার্বিক ভরণপোষণের সম্পূর্ণ দায়ভার রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুছ সালাম স্পেশাল কেস নম্বর ৫৪৩/২০২৬-এর রায়ে এ দণ্ডাদেশ দেন। অন্যদিকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার অপর আসামি ও দণ্ডিত ব্যক্তির বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালতের নথি ও এজাহারের বিবরণ অনুযায়ী, পারিবারিক বিচ্ছেদের পর শিশুটির মা কর্মসংস্থানের উদ্দেশ্যে সিলেটে থাকায় শিশুটি মদনের পাথার বড়বাড়ি এলাকায় অবস্থিত হজরত ফাতেমাতুজ্জহরা (রা.) মহিলা কওমি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে অধ্যয়ন করত। শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতার পাশাপাশি স্থানীয় জামে মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন। ২০২৫ সালের ২ অক্টোবর পাঠদান শেষে মসজিদের বারান্দা পরিষ্কারের কথা বলে শিশুটিকে একটি কক্ষে নিয়ে মুখ চেপে ধরে প্রথমবার ধর্ষণ করা হয় এবং বিষয়টি প্রকাশ না করতে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে শিশুটির ওপর আরও কয়েক দফায় নির্যাতন চালানো হলে একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে চিকিৎসকের কাছে নিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর শিশুটির মা মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ভিকটিমকে পরবর্তীতে সিলেট সরকারি নিরাপদ হেফাজত কেন্দ্রে (সেফ হোম) স্থানান্তর করা হলে সেখানে সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরিচালিত ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের জৈবিক পিতা হিসেবে দণ্ডিত শিক্ষকের অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণিত হয়।

আরও পড়ুন:  ১০ জানুয়ারি ১৯৭২: বাঙালির দ্বিতীয় বিপ্লবের সূচনা

রায়ের পর্যবেক্ষণে আদালত গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, ধর্মীয় দায়িত্ব ও শিক্ষাদানের সামাজিক অবস্থানকে অপব্যবহার করে এক অসহায় শিশুর ওপর এমন অপরাধ ক্ষমার অযোগ্য। সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনে শিক্ষক কর্তৃক শিশুদের যৌন নিপীড়নের ঘটনা সমাজকে শঙ্কিত করছে উল্লেখ করে আদালত ২০০৯ সালে হাইকোর্ট বিভাগ কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে প্রদত্ত দিকনির্দেশনাসমূহ অবিলম্বে বাস্তবায়নের তাগিদ দেন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরাসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক পরিকাঠামো গড়ে তোলা জরুরি বলে অভিমত ব্যক্ত করেন বিচারক।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আদালত আদেশ দিয়েছেন যে, নবজাতক শিশুটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে বেড়ে উঠবে এবং সকল প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পিতামাতার পরিচয়ে পরিচিত হওয়ার অধিকার রাখবে। প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে না হওয়া পর্যন্ত তার সার্বিক ভরণপোষণ, চিকিৎসা ও পড়াশোনার যাবতীয় খরচ রাষ্ট্র সরাসরি বহন করবে এবং পরবর্তীতে সরকার প্রচলিত ভূমি রাজস্ব আদায়ের বিধিমালার আলোকে দণ্ডিত আসামির নিজস্ব সম্পত্তি ক্রোক বা নিলামের মাধ্যমে সেই ব্যয়িত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =