দুর্গাপূজার কেনাকাটার জন্য শপিং মল-দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা

দুর্গাপূজার বেচাকেনা উপলক্ষে দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান খোলার সময় আগের নিয়মে ফিরে যাবে। অর্থাৎ বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

এর আগে গত বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে চিঠি দিয়ে দুর্গাপূজার বেচাকেনার জন্য দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

আরও পড়ুন:  শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল

চিঠিতে সমিতির নেতারা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীরা রাত ৮টার মধ্যে সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ করছেন। জ্বালানি সাশ্রয়ে তাঁরা সরকারের নির্দেশনা মেনে সহযোগিতা করে আসছেন। তবে বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানিসংকটের কারণে দীর্ঘদিন ধরে বেচাকেনা কম থাকায় ব্যবসায়ীদের আর্থিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে।

সমিতির নেতারা আরও বলেন, ঈদ ও দুর্গাপূজার সময় বেচাকেনা তুলনামূলক ভালো হয়। তাই এসব উৎসবকে সামনে রেখে দোকানপাট খোলার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। এ ছাড়া বর্তমানে লোডশেডিংও নিয়ন্ত্রণে এসেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এর আগে মধ্যপ্রাচ্যে সংকট শুরুর পর জ্বালানিসংকট তীব্র হলে গত এপ্রিলে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় সরকার। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। এরপর কোরবানির ঈদকে সামনে রেখে দোকানপাট খোলার সময়সীমা শিথিল করা হয়।

আরও পড়ুন:  দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন ছুটি

সর্বশেষ গত ১২ আগস্ট সরকার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেয়। তখন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + three =