সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়িয়ে আজ রোববার রাতে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার দিবাগত মধ্যরাত থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

নতুন ঘোষিত মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকা, যা এত দিন ১১৫ টাকা ছিল। প্রতি লিটার কেরোসিনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৫৫ টাকা, যা এত দিন ছিল ১৩৫ টাকা। প্রতি লিটার পেট্রলের নতুন দাম ১৬০ টাকা, যা এত দিন ১৪০ টাকায় ছিল। প্রতি লিটার অকটেন ১৬৫ টাকায় বিক্রি হবে, যা এত দিন ১৪৫ টাকায় ছিল।

মূল্যবৃদ্ধির ব্যাখ্যায় মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট চার্জ বৃদ্ধি পেয়েছে, যা এখনো অব্যাহত আছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য দ্বিগুণের বেশি বৃদ্ধি পেলেও সরকার জনস্বার্থে দেশে মূল্য বৃদ্ধি করেনি। ফলে মার্চ আগস্ট পর্যন্ত বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

আরও পড়ুন:  জাতিসংঘ অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে

সরকারের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ডিজেলের মূল্য ভারতে (কলকাতা) ১৩৪ দশমিক ৭৬ টাকা, মিয়ানমারে ১৬৪ দশমিক ৮৩ টাকা, নেপালে ১৬১ দশমিক ২৪ টাকা, শ্রীলঙ্কায় ১৭৯ দশমিক ৪২ টাকা, থাইল্যান্ডে ১৫১ দশমিক ২২ টাকা, ভিয়েতনামে ১৩৭ টাকা, মালদ্বীপে ১৪০ দশমিক ৭১ টাকা, ফিলিপাইনে ১৬৮ দশমিক ৫৩ টাকা, পাকিস্তানে ১৮৫ দশমিক ৪৮ টাকা এবং সংযুক্ত আরব আমিরাতে ১৪৪ দশমিক ৭৯ টাকা।

মন্ত্রণালয় বলেছে, বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্য অনুযায়ী ডিজেলে বিপিসির লিটার প্রতি লোকসান প্রায় ৮৯ টাকা। সে হিসেবে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকা। চলতি ধারা অব্যাহত থাকলে শুধু ডিজেলে বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 5 =