যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনের বাঙালি–অধ্যুষিত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে ব্রুকলিনে ‘আমরা মুজিব’ যুক্তরাষ্ট্র উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শামীম ওসমানের উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা অনুষ্ঠান চলাকালীন সময়ে ১৫ থেকে ২০ জন বিএনপির নেতাকর্মী মিছিল করে ‘আমরা মুজিব’ অফিস প্রদক্ষিণ করে। কিছুদূর গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও বঙ্গবন্ধুকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে যা হাতাহাতিতে রূপ নেয়।
মূলত বিএনপির নেতাকর্মীরা বায়তুল জান্নাহ জামে মসজিদ থেকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল শেষ করে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় আসার পর এ ঘটনা সুত্রপাত ঘটে।
এসময় বিএনপি নেতাকর্মীদের দাবি, শুধু শামীম ওসমান নয়, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রীয় হলেও তারা প্রতিবাদ করবেন।
এ ঘটনায় বিএনপির নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, গোলাম মাহমুদসহ অনেকেই অংশ নেন।
স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। তারা শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অপ্রীতিকর ঘটনা এড়াতে শামীম ওসমান দ্রুত সেখান থেকে চলে যান।
এসময় বিএনপি নেতা সালেহ আহমদ মানিক, কচি, গোলাম মাহমুদ, হাসান, সাইফুল ও মুন্নাসহ আরও অনেকে অংশ নেন।







