নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯.৫০ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি। আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে নতুন এই সিদ্ধান্ত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুদহার কমানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রেপো বা নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯.৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির হার ১১.৫০ শতাংশ থেকে ১১.০০ শতাংশে নামানো হয়েছে।
তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা আমানতের সুদ হার ৭.৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণপ্রবাহ এবং কর্মসংস্থানের সার্বিক অবস্থা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সুদহার আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে।
এ সিদ্ধান্তের ফলে প্রায় দুই বছর পর কমলো নীতিসুদহার। এক অঙ্কে নীতিসুদহার ছিল ৯.৫০ শতাংশ, যা ২০২৪ সালের অক্টোবরে ১০ শতাংশে উন্নীত করার আগে কার্যকর ছিল। এরপর ২৭ অক্টোবর ২০২৪ থেকে নীতিসুদহার ১০ শতাংশে উন্নীত করা হয় এবং সেটিই কার্যকর ছিলো ২০২৬ এর জুলাই পর্যন্ত।







