শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারায় শিরোপা জেতা হয়নি। তবুও দেশের মানুষের হৃদয় জয় করেছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। রানার্সআপ হয়েও জাতীয় দলের লড়াকু মানসিকতা ও অসাধারণ পারফরম্যান্সকে সম্মান জানাতে দল দেশে ফিরলে এক দিনের সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।

রানার্সআপ হওয়া দলকে বীরের মর্যাদায় স্বাগত জানাতে দেশজুড়ে উদযাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট মিলে।

বার্তায় তিনি লিখেছেন, খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করেছি। আর্জেন্টিনা সবসময় সবার ওপরে।

মিলে আরও বলেন, শিরোপা জয় না হলেও জাতীয় দল যে লড়াই, ঐক্য ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে, সেটিই দেশের মানুষের জন্য সবচেয়ে বড় গর্বের বিষয়।

আরও পড়ুন:  ইজতেমা ময়দানে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক

জাতীয় দল দেশে ফেরার পর সমর্থকদের উদযাপনের সুযোগ করে দিতেই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটির দিন এখনো নির্ধারণ করা হয়নি। দল ফেরার সময়সূচি এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রস্তুতির বিষয়টি বিবেচনা করে দিন চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে প্রেসিডেন্ট মিলে বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফরা যেদিন উদযাপনের জন্য প্রস্তুত থাকবেন, সেদিনই সাধারণ ছুটি কার্যকর করা হবে।

রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, ফাইনালের পর হতাশা কাটিয়ে উঠতে দলের কিছুটা সময় প্রয়োজন। তবে সময়ের সঙ্গে খেলোয়াড়রা বুঝতে পারবেন, তারা দেশের জন্য কত বড় অর্জন নিয়ে ফিরছেন।

তিনি আরও বলেন, এই দল যে মানসিকতা, লড়াইয়ের দৃঢ়তা ও ঐক্যের উদাহরণ তৈরি করেছে, তা আর্জেন্টিনার জন্য অত্যন্ত মূল্যবান। মিলে আরও বলেন, প্রাথমিক হতাশা কেটে গেলে খেলোয়াড় ও কোচিং স্টাফরা নিজেদের অর্জনের গুরুত্ব উপলব্ধি করবেন।

আরও পড়ুন:  কেপ ভার্দের কাছে হারবে আর্জেন্টিনা, দাবি সেই ওঝার

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *