বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে আগামী কয়েক দিনের মধ্যে কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া ও বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী ও খাগড়াছড়ির নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু অংশ প্লাবিত হতে পারে। একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকাতেও সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:  এবার শীতে ১০ শৈত্যপ্রবাহ, তিনটি হবে তীব্র মাত্রার

এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলেও আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাময়িক প্লাবনের সম্ভাবনার কথা জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র।

উত্তরাঞ্চলেও বন্যার ঝুঁকি রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকার মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং প্রয়োজন ছাড়া গভীর সাগরে না যেতে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *