ময়ূরের দখলে ইতালির শহর, অতিষ্ঠ বাসিন্দারা

ইতালির সমুদ্রতীরবর্তী ছোট শহর পুন্তা মারিনায় শতাধিক ময়ূরের উপদ্রব দেখা দিয়েছে। প্রায় ১৫০টি ময়ূর শহরের রাস্তাঘাট, মানুষের বাড়িঘর ও বাগানে অবাধে ঘুরে বেড়াচ্ছে।

এই পাখিগুলোর কারণে একদিকে যেমন শহরের সৌন্দর্য বাড়ছে, অন্যদিকে এদের আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।দেশটিতে বসন্তের প্রজনন মৌসুমে ময়ূরগুলোর ডাকাডাকিতে মানুষের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। শুধু কোলাহলই নয়, ময়ূরগুলো গাড়িতে নিজের প্রতিবিম্ব দেখে সেটিকে অন্য পাখি ভেবে আক্রমণ করছে এবং স্ক্র্যাচ ফেলে গাড়ি নষ্ট করছে। এ ছাড়া রাস্তাঘাটে বিষ্ঠা ফেলে নোংরা পরিবেশ তৈরি করায় মানুষের হাঁটাচলাও বিপজ্জনক হয়ে পড়েছে।

লকডাউনের সময় স্থানীয় মানুষ ভালোবেসে এদের খাওয়ানো শুরু করায় এবং শহরে কোনো শিকারি প্রাণী না থাকায় এদের সংখ্যা দ্রুত বেড়ে গেছে।প্রায় ৩ হাজার মানুষের এই শহরে ময়ূরগুলোকে নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শহরের অর্ধেক মানুষ চান এদের ধরে কোনো চিড়িয়াখানায় বা নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হোক। তবে বাকি অর্ধেক মানুষ এই রঙিন পাখিদের পক্ষ নিয়েছেন।

আরও পড়ুন:  ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ৮০, উদ্ধার ৩২
তারা মনে করেন, ময়ূরের উপস্থিতির কারণে এলাকায় পর্যটক বাড়ছে, এমনকি অনেক ইনফ্লুয়েন্সার এই পাখিদের নিয়ে ভিডিও তৈরি করছেন।এর আগে ২০২২ সালে কিছু ময়ূর চিড়িয়াখানায় পাঠানোর চেষ্টা করা হলে প্রাণী অধিকার কর্মীরা তীব্র প্রতিবাদ জানান। বর্তমানে শহরের প্রশাসন ময়ূরগুলোর সঠিক সংখ্যা জানতে একটি ‘আদমশুমারি’ বা গণনার কাজ শুরু করতে যাচ্ছে। এরপর স্থানীয় মানুষ ও প্রাণী অধিকার সংস্থাগুলোর সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *