খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই পণ্যের দাম বাড়ায় এক মাসের ব্যবধানে ৯ শতাংশ ছাড়াল সার্বিক মূল্যস্ফীতি। গত এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে।
টানা কয়েক মাস বেড়ে গত ফেব্রুয়ারিতে ৯ শতাংশের ঘরে পৌঁছে যাওয়া মূল্যস্ফীতির হার এক মাসের ব্যবধানে মার্চে এসে ৮ শতাংশের ঘরে নেমে এসেছিল। এবার এপ্রিলে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সেই মূল্যস্ফীতি গিয়ে দাঁড়াল ৯.০৪ শতাংশে।
৯.০৪ শতাংশ মূল্যস্ফীতির হার দিয়ে বোঝায় যে, গত বছর এপ্রিল মাসে যেসব পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছরের এপ্রিলে পেতে খরচ করতে হয়েছে ১০৯ টাকা ০৪ পয়সা।
মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য বলছে, এপ্রিল মাসে খাদ্যপণ্যে ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই দাম বেড়েছে, তাও বড় ব্যবধানে।
মূল্যস্ফীতির এই হার গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ।
এপ্রিলে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.০৫ শতাংশে, যা মার্চে ছিল ৮.৭২ শতাংশ। অন্যদিকে, শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি মার্চের ৮.৬৮ শতাংশ থেকে বেড়ে এপ্রিলে দাঁড়িয়েছে ৯.০২ শতাংশে।
মূল্যস্ফীতি বাড়ার সঙ্গে সঙ্গে সামান্য বেড়েছে খেটে খাওয়া মানুষের মজুরিও। মার্চে মজুরি বৃদ্ধির হার ছিল ৮.০৯ শতাংশ, যা এপ্রিলে এসে দাঁড়িয়েছে ৮.১৬ শতাংশ। মজুরি সামান্য বাড়লেও এখনো মূল্যস্ফীতির হারের চেয়ে কম।







