পহেলা বৈশাখ বাংলা সনের সূচনা দিন, যা বাংলাদেশে নববর্ষ হিসাবে উদযাপিত হয়। এ দিনটি বাঙালি জাতি এক সর্বজনীন লোকোৎসব হিসাবে পালন করে। কল্যাণ, আশা ও নতুন জীবনের প্রতীক হিসাবে আনন্দমুখর পরিবেশে নতুন বছরকে স্বাগত জানানো হয়। পহেলা বৈশাখ শুধু বাংলা বর্ষপঞ্জির সূচনা নয়; এটি বাঙালির ইতিহাস, অর্থনীতি, কৃষি, রাজনীতি ও সংস্কৃতির এক অনন্য সম্মিলন। বাঙালির জীবনযাত্রা, ঐতিহ্য ও চেতনার সঙ্গে এ দিনটি নিবিড়ভাবে জড়িত।

ইতিহাস ও উৎপত্তি

বাংলা সনের উৎপত্তি নিয়ে ইতিহাসবেত্তাদের মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও অধিকাংশের মতে, এর প্রাতিষ্ঠানিক রূপ গঠিত হয় মুঘল সম্রাট আকবরের (১৫৫৬-১৬০৫) শাসনামলে। তথ্যসূত্র মতে, ভারতীয় উপমহাদেশে প্রাচীনকাল থেকেই সৌর ও চন্দ্রভিত্তিক বিভিন্ন ক্যালেন্ডার প্রচলিত ছিল, যেমন : বিক্রম সংবৎ (একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ বর্ষপঞ্জি। এর সূচনা খ্রিষ্টপূর্ব ৫৭ সালে এবং কিংবদন্তি রাজা বিক্রমাদিত্যের নামানুসারে এর নামকরণ করা হয়।) এবং শকাব্দ (শক সংবৎ নামেও পরিচিত একটি বর্ষপঞ্জি, যার সূচনা ৭৮ খ্রিষ্টাব্দ থেকে। এ পঞ্জিকার সূচনা কুষাণ সম্রাট কণিষ্কের শাসনামলের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হয়।) ইত্যাদি। তবে এসব পঞ্জিকা মূলত ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে অধিকতর সম্পর্কিত ছিল।

কিন্তু বঙ্গ-ভারতে সমাজব্যবস্থা ছিল কৃষিনির্ভর, যেখানে অধিকাংশ মানুষ জীবিকানির্বাহ করে চাষাবাদের মাধ্যমে। তাই কৃষিনির্ভর ভারতের জন্য প্রয়োজন ছিল এমন একটি পঞ্জিকার, যা ঋতুচক্র ও ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কৃষি, বিশেষ করে কৃষি রাজস্বের সঙ্গে যুক্ত উপর্যুক্ত অর্থনৈতিক ও প্রশাসনিক জটিলতা নিরসনের জন্য মুঘল সম্রাট আকবর একটি কার্যকর পঞ্জিকা চালুর উদ্যোগ নেন। উল্লেখ্য, ষোড়শ শতাব্দীতে মুঘল সাম্রাজ্যে রাজস্ব আদায়ের জন্য ব্যবহৃত হতো হিজরি সন, যা সম্পূর্ণ চান্দ্র পঞ্জিকার ওপর নির্ভরশীল। কিন্তু এ পঞ্জিকার সঙ্গে কৃষি মৌসুমের সামঞ্জস্য না থাকায় ভূমি রাজস্ব আদায়ে কৃষকদের অসুবিধা হতো। কারণ, অনেক সময় ফসল ওঠার আগেই তাদের সরকারি কর পরিশোধ করতে হতো। এ অবস্থায় সম্রাট আকবর রাজস্ব আদায়ের সুবিধার্থে হিজরি চান্দ্র বর্ষপঞ্জির পরিবর্তে একটি নতুন বর্ষপঞ্জি চালুর উদ্যোগ নেন।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে হুমকির মুখে পোশাক খাত

সম্রাটের আদেশ মোতাবেক রাজদরবারের বহুবিদ্যাবিশারদ ও জ্যোতির্বিজ্ঞানী আমীর ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং চান্দ্রবর্ষের ওপর ভিত্তি করে নতুন বর্ষপঞ্জিকা তৈরি করেন। ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ এ বর্ষপঞ্জিকাটি চালু হলেও এর কার্যকর গণনা শুরু হয় সম্রাট আকবরের সিংহাসন আরোহণের সময় ৫ নভেম্বর ১৫৫৬ খ্রিষ্টাব্দ থেকে। প্রথমে এ পঞ্জিকার নাম ছিল ‘তারিখ-এ-এলাহী’। একে ফসলি সনও বলা হতো। এ তারিখ-ই-এলাহী বা ফসলি সনই পরবর্তীকালে বাংলা সনের ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং ‘বঙ্গাব্দ’ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়।

নামকরণ ও উদযাপন

আকবর প্রবর্তিত তারিখ-এ-এলাহী পঞ্জিকায় মাসগুলো আর্বাদিন, কার্দিন, বিসুয়া, তীর এমন নামে পরিচিত ছিল। তবে পরে এ নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ প্রভৃতি নামে পরিচিত হয়। বাংলা সনের মাসগুলোর নামকরণ প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানভিত্তিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। ধারণা করা হয়, বাংলা বারো মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে। যেমন: বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জায়ীস্থা থেকে জ্যৈষ্ঠ, শার থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ। এমন করেই বাংলায় নক্ষত্রের নামে অবশিষ্ট মাসগুলোর নামকরণ করা হয়। এ দৃষ্টিকোণ থেকে বাংলা পঞ্জিকা শুধু একটি প্রশাসনিক উপকরণ নয়; বরং এটি প্রাচীন জ্যোতির্বিজ্ঞান ও জ্ঞানচর্চার একটি ধারাবাহিকতারও প্রতিফলন।

পহেলা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। মুঘল সম্রাট আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। পহেলা বৈশাখ উদযাপনের প্রাথমিক উদ্দেশ্য ছিল প্রশাসনিক ও অর্থনৈতিক। তখন বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে রায়তদের সব খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে হতো। এর পরদিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষ্যে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এখান থেকেই ‘হালখাতা’ প্রথার উৎপত্তি।

সাংস্কৃতিক ও রাজনৈতিক তাৎপর্য

আরও পড়ুন:  দেশের অর্থনীতি কামব্যাক করেছে : প্রেস সচিব

ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনামলে বাংলা নববর্ষ উদযাপন নতুন মাত্রা লাভ করে। এ সময় বাঙালি মধ্যবিত্ত শ্রেণির উত্থান ঘটে এবং তারা নিজেদের ভাষা ও সংস্কৃতির প্রতি নতুনভাবে সচেতন হয়ে ওঠে। এ সময় বাংলা নববর্ষ শুধু একটি অর্থনৈতিক উৎসব না থেকে বাঙালি জাতীয়তাবাদের প্রতীক হিসাবে প্রতিষ্ঠা পেতে শুরু করে। সাহিত্য, সংগীত ও শিল্পকলার বিকাশের মধ্য দিয়ে এ উৎসব আরও সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

বিশেষত বিংশ শতাব্দীতে বাংলা নববর্ষ বাঙালির আত্মপরিচয়ের পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। পাকিস্তান আমলে (১৯৪৭-১৯৭১) তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা সংস্কৃতিকে দমিয়ে রাখার নানা প্রচেষ্টা চালানো হয়। এর প্রতিবাদে বাঙালি সমাজে সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে। ১৯৬৭ সালে ছায়ানট রমনা বটমূলে নববর্ষ উদযাপনের যে উদ্যোগ গ্রহণ করে, তা ছিল এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

বর্তমানে বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণ হলো ‘মঙ্গল শোভাযাত্রা’ (২০২৫ সালে এটি ‘আনন্দ শোভাযাত্রা’ নামে উদযাপিত হয়; এ বছর এটি হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে), যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত হয়। ২০১৬ সালে ইউনেস্কো এ শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি প্রদান করে। শোভাযাত্রায় ব্যবহৃত প্রতীকী মুখোশ, প্রতিকৃতি ও শিল্পকর্মের মাধ্যমে সমাজের অশুভ শক্তি ও অসংগতির বিরুদ্ধে প্রতিবাদ এবং শুভশক্তির জয়ধ্বনি উচ্চারিত হয়।

বাংলা নববর্ষের অন্যতম বৈশিষ্ট্য হলো এর অসাম্প্রদায়িকতা। ধর্ম, বর্ণ ও শ্রেণি-নির্বিশেষে সব মানুষ এ উৎসবে অংশগ্রহণ করে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণ এ উৎসবকে একটি সর্বজনীন রূপ দিয়েছে।

বর্তমান প্রেক্ষাপট ও উপসংহার

খাদ্যসংস্কৃতির ক্ষেত্রেও বাংলা নববর্ষের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পান্তা-ইলিশ, বিভিন্ন পিঠা, মিষ্টি এবং ঐতিহ্যবাহী খাবার এই দিনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যদিও পান্তা-ইলিশ খাওয়ার প্রথা তুলনামূলকভাবে আধুনিক, তবুও এটি এখন নববর্ষের একটি প্রতীকী উপাদান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রা, চিন্তাভাবনা এবং সামাজিক কাঠামোর পরিবর্তনের প্রভাব এ উৎসবের ওপরও পড়েছে। বাণিজ্যিকীকরণ, নগরায়ণ ও বিশ্বায়নের প্রভাবে অনেক ঐতিহ্যবাহী রীতি ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে। আগের মতো গ্রামবাংলার সরলতা ও আন্তরিকতার বদলে অনেক ক্ষেত্রে উৎসবটি এখন শহুরে আয়োজন ও বাহ্যিক চাকচিক্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক উপাদান কখনো কখনো আধুনিকতার ছোঁয়ায় তাদের মূল বৈশিষ্ট্য হারাতে বসেছে বলেও মনে হয়। তবে এসব পরিবর্তনের মধ্যেও বাংলা নববর্ষের অন্তর্নিহিত চেতনা এখনো অটুট রয়েছে। নতুনকে বরণ করে নেওয়া, পুরাতনকে বিদায় জানানো এবং মানুষের মধ্যে সৌহার্দ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগরিত করার যে বার্তা এ উৎসব বহন করে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এ কারণেই পহেলা বৈশাখ শুধু একটি নির্দিষ্ট দিনের আনুষ্ঠানিকতা নয়; এটি বাঙালির দীর্ঘদিনের ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং আত্মপরিচয়ের এক জীবন্ত প্রতিচ্ছবি হিসাবে বিবেচিত হয়। পরিবর্তনের স্রোতের মধ্যেও এর মূল আত্মা ও তাৎপর্য মানুষকে বারবার শিকড়ের দিকে ফিরে তাকাতে এবং নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন করে উপলব্ধি করতে অনুপ্রাণিত করে।

আরও পড়ুন:  ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রাবিপ্রবি, উপাচার্যের নানা পদক্ষেপে

এদিনে সব শ্রেণি-পেশার মানুষ ভেদাভেদ ভুলে একত্রিত হয়, যা সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। গ্রাম ও শহর উভয় জায়গায় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার এবং নানা আয়োজনে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে। সব মিলিয়ে, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয়, ঐক্য এবং সাংস্কৃতিক গৌরবের এক গুরুত্বপূর্ণ প্রতীক; যা অতীতের ঐতিহ্যকে ধারণ করে বর্তমানকে আলোকিত করে এবং ভবিষ্যতের পথচলায় প্রেরণা জোগায়।

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান : উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *