ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়েছিল, যা এখন আইনে রূপ পেল।

নতুন আইনের অধীনে রাজধানীর সাতটি সরকারি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ—একাডেমিক কার্যক্রমের আওতায় আনা হবে।

আইনে বলা হয়েছে, এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা, গবেষণা, মানসম্মত পাঠ্যক্রম, শিক্ষকতা ও সনদ প্রদানসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজধানীর উচ্চশিক্ষা ব্যবস্থায় সমন্বয় ও মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *