দোকান-শপিং মল খোলা রাখা যাবে সন্ধ্যা ৭টা পর্যন্ত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ব্যবসায়ীদের আবেদন বিবেচনায় নিয়ে বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাট-শপিং মল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা নির্ধারণ করেছে সরকার। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের নতুন এই সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এর আগে গত বৃহস্পতিবার দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে ব্যবসায়ীদের দাবি ছিল রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনা করে পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অবশ্যই জরুরি সেবা যারা দেয়, তারা এর আওতার বাইরে থাকবে।’

আরও পড়ুন:  আবু সাঈদের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে গেলেন ড. ইউনূস

এদিকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।

এক প্রশ্নের উত্তরে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এপ্রিল মাসে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে, তা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত রয়েছে। জ্বালানি তেল আমদানির ভালো কিছু উৎস পেয়েছি। আগামী তিনমাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।’

কৃষকদের তেল পেতে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তা সমাধানে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তেল সরবরাহে কৃষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কৃষকদের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *