বিএনপিকে আলেমদের সমর্থন অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : তারেক রহমান

বিএনপিকে সমর্থন দেওয়ায় দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের প্রেসসচিব এ এ এম সালেহ শিবলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন’ মর্মে একটি খবর বুধবার দেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

এই সংবাদের প্রতিক্রিয়ায় শীর্ষ স্থানীয় আলেম-ওলামাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেছেন, ‘জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ ও নির্দেশনা দেবে। আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে সঠিক নির্দেশনা পাবে বলে মনে করি।

আরও পড়ুন:  ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

তারেক রহমান আরো বলেন, ‘আমি সম্মানিত আলেম-ওলামাদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *