প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ জুলাই চার দিনের সফরে চীন যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, এই সফরে ২০-২২টি সমঝোতা স্মারক সই ও নতুন কিছু প্রকল্প উদ্বোধন হতে পারে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ৮ জুলাই বেলা ১১টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটযোগে বাংলাদেশ ত্যাগ করবেন এবং চীনের স্থানীয় সময় বিকেল ৬টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে।
সফরসূচি সম্পর্কে তিনি বলেন, ১০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলসহ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৬ষ্ঠ ও ৯ম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি, পিপল টু পিপল কানেকটিভিটি বিষয়ে আলোচনা হবে।






