অধ্যক্ষ মুকতাদের আজাদ খান
অধ্যাপক নুরুল আকতার হোসেন স্যার ১৯৩৯ সালের ১ ফেব্রুয়ারী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের জইনুদ্দিন মিয়াজী বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা-মফিজুর রহমান মালাদার, মাতা-নূর উন নেসা খাতুন, সহধর্মিণী-সখিনা আকতার। তিনি হারামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৫৫ সালে ৫ম শ্রেণি পাস করেন। ঐ বছর হারামিয়া ইউনিয়ন থেকে একমাত্র তিনিই সরকারি বৃত্তি পেয়েছিলেন। প্রাথমিক পাঠ শেষে তৎকালীন মুছাপুর এম.ই স্কুলে বর্তমান মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন ১৯৫৬ সালে। সেই বছর ৬ষ্ঠ শ্রেণি থেকে একমাত্র তিনিই চট্টগ্রাম অঞ্চলে সরকারি বৃত্তি পেয়েছিলেন।
১৯৫৭ সালে ৭ম শ্রেণিতে পড়াকালীন পিতার মৃত্যু, আর্থিক অনটন ও পারিবারিক সম্পত্তি সংশ্লিষ্ট মামলার জটিলতায় তাঁর পড়ালেখা বন্ধ হয়ে যায়। এরপর তৎকালীন খন্তারহাট এম.ই স্কুলে বর্তমান পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে ভর্তি হন ১৯৬০ সালে। আবার পাঠ বিরতি ঘটে। অতঃপর কাটগড় গোলাম নবী উচ্চ বিদ্যালয়ে ১৯৬২ সালে ৮ম শ্রেণিতে ভর্তি হয়ে ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃহত্তর চট্টগ্রাম জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ৯ম শ্রেণিতে পড়াকালীন ১৯৬৩ সালে সমবায়ভিত্তিক রচনা প্রতিযোগিতায় তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথম হওয়ার কৃতিত্ব অর্জন করেন। তিনি সন্দ্বীপ এডুকেশন সোসাইটি, চট্টগ্রাম আয়োজিত রচনা প্রতিযোগীতায় প্রথম হন ১৯৬৩ ও ১৯৬৫ সালে।
কাটগড় গোলাম নবী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে ১৯৬৫ সালে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেন।
নোয়াখালী জেলার চৌমুহনী সরকারি কলেজের বাণিজ্য বিভাগ থেকে ১৯৬৭ সালের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগে ১৯৬৭ সালে অনার্সে ভর্তি হন। ১৯৭০ সালে অনুষ্ঠিত অনার্সের চূড়ান্ত পরীক্ষায় ২য় শ্রেণিতে মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেন।
১৯৭১ সালে অনুষ্ঠিত হিসাব বিজ্ঞানের মাস্টার্স পরীক্ষায়ও তিনি ২য় শ্রেণিতে মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পাস কোর্সে ১৯৭৩-৭৪ সেসনে নৈশ শাখায় ভর্তি হয়েও জাসদের রাজনীতিতে জড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত পরীক্ষা দেয়া হয়নি।
ছাত্র রাজনীতি-তিনি জাসদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষকতা জীবন-শিক্ষকতা শুরু করেন হাতিয়া দ্বীপ কলেজে অধ্যক্ষ হিসেবে ১৯৭৫ সালের ১ জানুয়ারী। কিন্তু ১৯৭৯ সালের ৭ মে কলেজটি জাতীয়করণ হওয়ায় সরকারি বিধান অনুযায়ী তাঁকে প্রভাষক হিসেবে পুনরায় যোগদান করতে হয়। সরকারি হাজী আবদুল বাতেন কলেজে ১৯৮৫ সালে বদলি হয়ে আসেন এবং ১৯৯১ সালের ১৪ জুলাই সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০০১ সালের ১৪ মে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে নোয়াখালী সরকারি কলেজে যোগদান করেন। এরপর তাঁকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কলেজ পরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়।
উপাধ্যক্ষ- ২০০৩ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে বদলি হয়ে বান্দরবান সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগ দেন। সরকারি হাজী আবদুল বাতেন কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগ দেন ২০০৪ সালে। প্রফেসর হিসেবে ২০০৬ সালে পদোন্নতি দিয়ে কর্তৃপক্ষ পিরোজপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে পাঠালেও ঐ কলেজে প্রফেসর পদ শূন্য না থাকায় তাঁকে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান করে পাঠানো হয়। ২০০৭ সালের ৮ জানুয়ারী কর্তৃপক্ষ সরকারি হাজী আবদুল বাতেন কলেজে অধ্যক্ষ পদে পদায়ন করে নিয়োগপত্র দেওয়ার পরও কৌশলগত কারণে তিনি যোগদান করেননি। তিনি অবসরে যান ২০০৯ সালের জানুয়ারি মাসে।
অধ্যক্ষ পদে দায়িত্ব পালন-তিনি হাতিয়া দ্বীপ কলেজ এবং চট্টগ্রাম নগরীর জামাল খান লিচু বাগান সংলগ্ন চট্টগ্রাম মহানগর কলেজে অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। তবে, চট্টগ্রাম মহানগর কলেজ এখন আর নেই।
সামাজিক দায়বদ্ধতা- সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অধ্যাপক নুরুল আকতার হোসেন স্যার বশিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাযিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ৩ বার, শাহ আলামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ৩ বার, সন্দ্বীপ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ৩ বার, কালাপানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ৪ বার, আবুল কাসেম হায়দার মহিলা কলেজের সাংগঠনিক কমিটির সদস্য, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক, সন্দ্বীপ লেখক ফোরাম এর উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়াকালীন সন্দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশন-ঢাকার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবন- ব্যক্তিগত জীবনে তিনি ৭ সন্তানের পিতা। সন্তাগণ হলেন-১/নার্গিস আকতার, সহকারী গ্রন্থাগার, আবুল কাসেম হায়দার মহিলা কলেজ, ২/নাজনীন আকতার, সহকারী শিক্ষক, পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়, ৩/আসিফ আকতার, সাবেক সভাপতি, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যান সমিতি, ৪/আরজানা আকতার, গৃহিণী, ৫/আনিস আকতার টিটু, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল, ৬/আরিফ আকতার, ব্যবসায়ী এবং ৭/ফারজানা আকতার, গৃহিণী।
প্রসঙ্গত: ইতিমধ্যে এই লেখাটি সন্দ্বীপভিত্তিক একটি মাসিক পত্রিকায় আমর প্রিয়জন গোফরান উদ্দিন রানা’র নামে ছাপানো হয়েছে। বিষয়টি আমার ও আকতার স্যারের পরিবারের দৃষ্টিগোচর হয়েছে। ইতিহাসের পাতায় এটি একটি ঘৃণিত কাজ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
লেখক-অধ্যক্ষ, তাহের-মনজুর কলেজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।







