যুক্তরাষ্ট্র-ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির জবাব দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলা চালানো হবে।

বুধবার দেওয়া এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প কঠোর হামলার মাধ্যমে ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দেন। এই হামলা অগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চালানো হবে। তাঁর ভাষণের কয়েক ঘণ্টা পর প্রতিক্রিয়ামূলক বিবৃতি প্রচার করে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’।  

বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনাদের অপমান, লাঞ্ছনার স্থায়ী ও নিশ্চিত অনুশোচনা এবং আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে।’ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে উদ্দেশ্য করে খাতাম আল-আম্বিয়া বলেছে, ‘আরও বিধ্বংসী, ব্যাপক ও ধ্বংসাত্মক পদক্ষেপের অপেক্ষায় থাকুন।’

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ট্রাম্পের ভাষণের পর ইরান দুই দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বৃহস্পতিবার ছয় ঘণ্টার ব্যবধানে মোট চারবার ক্ষেপণাস্ত্রের আঘাত শনাক্ত হয়েছে। হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সামরিক অভিযান শেষের পথে। আমরা খুব শিগগিরই সমস্ত সামরিক লক্ষ্য পূরণ করতে যাচ্ছি।’

আরও পড়ুন:  রুবিওকে কিউবার দায়িত্ব দিতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্টের এই ভাষণ এমন সময়ে এলো যখন প্রায় ৩৫টি দেশকে নিয়ে যুক্তরাজ্য একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। হরমুজ প্রণালি কীভাবে পুনরায় সচল করা যায় তা নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *