স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (১২ মার্চ) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, গত ৫ মার্চ জারি করা স্মারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হলো।

এর আগে ৮ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুতকৃত ম্যানুয়ালের ভিত্তিতে দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন:  প্রধানমন্ত্রীর পিএস, এপিএস ও প্রটোকল অফিসার নিয়োগ
এ জন্য উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ আয়োজনের কথা বলা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা কোয়ান্টাম ফাউন্ডেশনের নির্ধারিত প্রশিক্ষকদের সঙ্গে আলোচনা করে সুবিধাজনক সময়ে প্রশিক্ষণের আয়োজন করবেন বলেও নির্দেশনায় উল্লেখ ছিল।

নির্দেশনায় আরো বলা হয়েছিল, প্রশিক্ষণের সুফল দীর্ঘমেয়াদে ধরে রাখতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি ‘মনিটরিং পুল’ গঠন করতে হবে। এই পুলের সদস্যরা প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের দৈনিক অনুশীলন নিয়মিত তদারকি করবেন।

তবে ম্যানুয়ালের বাইরে অন্য কোনো বিষয়ে কার্যক্রম সম্প্রসারণ করা যাবে না বলে সতর্ক করা হয়। প্রতি বছর নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্যও পুনরায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *