আফগানিস্তানের তালেবান শাসকরা শুক্রবার জানিয়েছেন, তারা আলোচনায় বসতে প্রস্তুত। পাকিস্তান প্রধান শহরগুলোতে তাদের বাহিনীর ওপর বোমা হামলা চালানোর পর এবং সবচেয়ে গুরুতর সংঘর্ষে কয়েক ডজন সেনা নিহত হওয়ার প্রেক্ষাপটে এ মন্তব্য এলো।
পাকিস্তানের এই হামলা ছিল প্রথমবারের মতো, যখন তারা তাদের সাবেক মিত্রদের বিরুদ্ধে সরাসরি আঘাত হানে—অভিযোগ ছিল, তালেবান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। ইসলামাবাদ পরিস্থিতিকে ‘খোলা যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছে।
কাবুলের ট্যাক্সিচালক তামিম বলেন, ‘বিমান এসে দুটি বোমা ফেলে আবার চলে যায়। এরপর আমরা বিস্ফোরণের শব্দ শুনি।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি টেলিফোনে কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খালিফিকে বলেন, ‘আফগানিস্তান কখনো সহিংসতার সমর্থক ছিল না এবং সব সময় পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘তবে এই পন্থা তখনই কার্যকর হবে, যদি অপর পক্ষ সমাধান খুঁজে পেতে বাস্তব ও আন্তরিক আগ্রহ প্রদর্শন করে।







