জামিনের পরদিনই গ্রেপ্তার দেখানো হলো আইভীকে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

আজ শুক্রবার রাতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে আইভীকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকার ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে মারা যান।

মামলাটি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। তিনি এই মামলায় তদন্তে সাবেক মেয়র আইভীর সম্পৃক্ততা থাকার অভিযোগে আইভীকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। বিষয়টি আদালত গ্রহণ করে আইভীকে গ্রেপ্তার দেখান।

আরও পড়ুন:  ‘জয় বাংলা’ বলা অপরাধ হলে, আমি সেই অপরাধে অপরাধী হতে চাই: আইভী

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, বর্তমানে আইভী কারাগারে থাকায় আদালতের নির্দেশে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ফতুল্লা থানার চারটি ও সদর থানার একটি মামলায় জামিন পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *