মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রমজান উদযাপনকারী মুসলিমদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং ধর্মীয় স্বাধীনতাকে আমেরিকার শক্তির মৌলিক ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। ইসলামের পবিত্রতম মাসের সূচনা উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের এক বিবৃতিতে ট্রাম্পের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

ট্রাম্প বলেন, ‘আজ আমি রমজান উদযাপনকারী সবার প্রতি আমার শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছি।’

তিনি এ মাসকে ‘আধ্যাত্মিক নবায়ন, গভীর আত্মমনন এবং সৃষ্টিকর্তার অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক পবিত্র সময়’ হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প উল্লেখ করেন, লাখ লাখ মার্কিন মুসলিম নামাজ ও রোজার মাধ্যমে এ পবিত্র মাস পালন করেন। তিনি বলেন, রমজান ‘পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করে’ এবং ‘সহমর্মিতা, দানশীলতা, দয়া ও বিনয়ের অভিন্ন মূল্যবোধকে’ পুনর্ব্যক্ত করে।

আরও পড়ুন:  গাজা যুদ্ধ বন্ধ করলেই ট্রাম্প নোবেল পাবেন : মাখোঁ

প্রেসিডেন্ট তার প্রশাসনের ধর্মীয় স্বাধীনতা সুরক্ষার অঙ্গীকার তুলে ধরে বলেন, ‘স্বাধীনভাবে ধর্ম পালন করার সৃষ্টিকর্তাপ্রদত্ত অধিকার আমাদের জাতির বৈশিষ্ট্য এবং আমাদের সমৃদ্ধি ও শক্তির একটি স্তম্ভ।’

ট্রাম্প অঙ্গীকার করেন, সব আমেরিকান যেন ভয় ছাড়াই তাদের ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি জোর দিয়ে বলেন, ‘ধর্মীয় স্বাধীনতা মানে হলো আপনার ধর্ম গর্বের সঙ্গে এবং নিপীড়নের ভয় ছাড়াই পালন করার স্বাধীনতা।’বার্তাটির শেষে তিনি শান্তি ও ঐক্যের জন্য প্রার্থনা করেন।

ট্রাম্প বলেন, ‘এই অনুগ্রহ ও সদিচ্ছার মৌসুমে আমি ঘরে সুখ ও পরিতৃপ্তি, বিশ্বজুড়ে ঐক্য ও শান্তি এবং আগামীর বছরের জন্য আশীর্বাদ কামনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *