গুলশান কেন্দ্রে ভোট প্রদান করলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও  সংবিধান সংস্কারবিষয়ক গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনাবহুল সময় পেরিয়ে গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্নে ভোট দিচ্ছে বাংলাদেশের মানুষ। এর সঙ্গে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মতামত দেবেন গণভোটে।

এর কিছুক্ষণ, আগে একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে দলীয় মনোনীত প্রার্থী তারেক রহমান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

ঢাকা-১৭ আসনে বিএনপির হয়ে নির্বাচনে লড়ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী হলেন দাঁড়িপাল্লা প্রতীকের ডা. খালিদুজ্জামান। আজকের ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত রাখা হয়েছে এবং ভোটারদের আগমন ধাপে ধাপে চলছে।

আরও পড়ুন:  সবার জন্য ন্যায়বিচার, সমতা ও মানবিক মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকার প্রধান উপদেষ্টার

রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

এ আসনে মোট প্রার্থী ১১ জন। এর মধ্যে ৫ জন স্বতন্ত্র প্রার্থী ভোট থেকে সরে গিয়ে তারেক রহমানকে সমর্থন প্রদান করেছেন। তবে ভোটের মূল লড়াই শুরু থেকেই ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে কেন্দ্রীভূত ছিল।

ঢাকা-১৭ নির্বাচন থেকে সরে যাওয়া ৫ স্বতন্ত্র প্রার্থীর নামগুলো হলো-  সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের শামীম আহমেদ, আনারস প্রতীকের মো. রাশেদুল হক, আপেল প্রতীকের মঞ্জুর হুমায়ুন এবং মোরগ প্রতীকের এনায়েত উল্লাহ।

আরও পড়ুন:  প্রধান উপদেষ্টা তার বক্তব্য থেকে সরে যেতে পারেন না: সালাহউদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *