জয়া আহসানের খ্যাতি দিন দিন বেড়েই চলেছে। সাফল্যের সিঁড়ি বেয়ে পাড়ি দিচ্ছেন এক একটি অর্জনের ক্যানভাসে। টালিউড পেরিয়ে বলিউডও কাঁপিয়েছেন এই গুণী অভিনেত্রী। রয়েছে বলিউডের তারকাদের সঙ্গেও ওঠাবসা
সম্প্রতি কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন জয়া।
সাফল্যের এই আনন্দঘন সময়ের মাঝেই সামাজিক মাধ্যমে নিজের নতুন কিছু ছবি শেয়ার করেছেন জয়া আহসান; যেখানে তার রূপের জাদুতে কাবু হয়েছেন নেটিজেনরা।
বর্তমানে টালিগঞ্জেই সময় কাটাচ্ছেন জয়া আহসান। সেখানকার বিভিন্ন ইভেন্টেও দেখা যাচ্ছে তাকে। শনিবার (৩১ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন জয়া আহসান। ছবিগুলোতে কলকাতার শিল্পীদের সঙ্গেও দেখা যায় জয়াকে।
ছবিগুলোতে দেখা যায়, জয়া একটি স্লিভলেস হল্টার-নেক স্টাইল গোলাপি গাউন পরেছেন। পোশাকটির পেছনের অংশটি ‘ওপেন ব্যাক’ ডিজাইনের, যা তার লুকে একটি আধুনিক ও সাহসী ছোঁয়া এনেছে।
চুলে একটি পরিপাটি পনিটেল এবং কানে ছোট টপ ব্যবহার করে তিনি তার লুকে আভিজাত্য বজায় রেখেছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, গোলাপি আভা, অকৃত্রিম মুহূর্ত, চিরন্তন এক সন্ধ্যা…।
ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে বিভিন্ন পুরস্কারের ক্রেস্ট ও একটি অ্যান্টিক প্রজেক্টর, যা তার বর্ণাঢ্য ক্যারিয়ারেরই ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, আগামী ৬ ফেব্রুয়ারি থ্রিলার ঘরানার জয়ার সিনেমা ‘ওসিডি’ মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে; যেখানে অভিনেত্রীকে দেখা যাবে এক ভয়ংকর চরিত্রে! সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশ পেয়েছে এর ট্রেলার; যেখানে উঠে এসেছে রোমহর্ষক সব কাহিনি।







