তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় বিএনপির গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন ভারতের হাইকমিশনার। ৫টা ৩৫ মিনিটে বৈঠক শেষে কার্যালয় থেকে বেরিয়ে যান প্রণয় ভার্মা।

সাক্ষাৎর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে ভারতীয় হাইকমিশনারকে কার্যালয়ে প্রবেশ করতে এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।

এই সাক্ষাতকালে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎ দুই পক্ষের মধ্যে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। কূটনৈতিক মহলে এই নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:  বইমেলা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার

উল্লেখ্য যে, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎর আগে একই দিনে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস। সেই সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। একদিনে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বিএনপির এই সাক্ষাতকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *