আবারও শক্তিশালী বৃষ্টিবলয়ে প্রবেশ করছে দেশ

আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে চলতি বছরের ১২তম শক্তিশালী বৃষ্টিবলয়। এর ফলে দেশের প্রায় ৭০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছে।

যেসব অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে

বৃষ্টিবলয়টি মূলত দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে সর্বাধিক সক্রিয় থাকবে। একইসঙ্গে দেশের সব উপকূলীয় এলাকাতেও এর প্রভাব বেশি দেখা যাবে। এসব অঞ্চলে একটানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে (উপকূলীয় এলাকা ব্যতীত) বৃষ্টিপাত মাঝারি মানের হবে।

কখন বৃষ্টি বেশি হবে

বৃষ্টিবলয়টি ১৪ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং এর সর্বোচ্চ সক্রিয়তা থাকবে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এটি একসঙ্গে পুরো দেশে সক্রিয় না হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে। সাধারণত, দুপুরের পর থেকে পরদিন সকালের মধ্যে অধিকাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য প্রভাব ও সতর্কতা

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য

নদ-নদীর পানি বৃদ্ধি: ভারী বৃষ্টির কারণে দেশের নদীগুলোর পানি কিছুটা বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের নিচু এলাকায় ভারী বৃষ্টি এবং জোয়ারের কারণে বন্যার ঝুঁকি রয়েছে।

পাহাড় ধসের আশঙ্কা: চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলা যেমন– বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের প্রবল আশঙ্কা রয়েছে। এই সময়ে এসব এলাকায় ভ্রমণ বা অবস্থান করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

বজ্রপাত ও ঝড়: এই বৃষ্টিবলয়ের শুরুতে তীব্র বজ্রপাত হতে পারে, তবে পরে তা কমে আসবে। আপাতত বড় ধরনের কোনো ঝড়ের সম্ভাবনা নেই। তবে উত্তর অঞ্চল ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া থাকতে পারে।

আরামদায়ক আবহাওয়া: বৃষ্টি চলাকালীন সময়ে দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া আরামদায়ক থাকবে। তবে বৃষ্টির বিরতির সময় কিছু কিছু অঞ্চলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

আরও পড়ুন:  জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন

বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাতের (গড়) হিসাব

এই ৬ দিনে বাংলাদেশের বিভিন্ন বিভাগে সম্ভাব্য গড় বৃষ্টিপাতের পরিমাণ নিচে দেওয়া হলো–

রংপুর: ১৮০-২৫০ মিমি (গড় ৪ দিন)
ময়মনসিংহ: ১৪০-২৬০ মিমি (গড় ৪ দিন)
সিলেট: ১৬০-২৬০ মিমি (গড় ৪ দিন)
চট্টগ্রাম: ৯০-২৫০ মিমি (গড় ৩ দিন)
ঢাকা: ১২০-১৮০ মিমি (গড় ৪ দিন)
খুলনা: ১২০-১৫০ মিমি (গড় ৪ দিন)
বরিশাল: ১৩০-২০০ মিমি (গড় ৩ দিন)
রাজশাহী: ১১০-১৫০ মিমি (গড় ৩ দিন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *