চ্যানেল ওয়ান সম্প্রচারে কোনো বাধা নেই: আপিল বিভাগ

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’ এর সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে চ্যানেল ওয়ান সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে চ্যানেল ওয়ানের মালিক গিয়াস উদ্দিন আল মামুনের করা লিভ টু আপিলের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক বলেছেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর আবারও মামলা নিয়ে আদালতে গেলে চেম্বার জজ আপিল করার অনুমতি দেন।

আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন বলেন, অন্যায়ভাবে চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ আদালত ন্যায়বিচার করেছেন।

আরও পড়ুন:  বিটিআরসি ঘেরাও মোবাইল ব্যবসায়ীদের, অবরুদ্ধ চেয়ারম্যান

এর আগে গত ২৩ জানুয়ারি দীর্ঘ ১৬ বছর পর আপিল দায়েরের অনুমতি পায় চ্যানেল ওয়ান।

এদিন আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, পলাশ চন্দ্র রায়, কাজী আখতার হোসেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ এবং মোহাম্মদ মাসুম বিল্লাহ।

চ্যানেল ওয়ানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, চ্যানেল ওয়ানের বিষয়ে আপিল আবেদন পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানি হয়েছে। শুনানি নিয়ে চ্যানেলের পক্ষে করা আবেদন গ্রহণ করা হয়েছে। ফলে দেশের অন্যতম জনপ্রিয় ‘চ্যানেল ওয়ান’ পুরো উদ্যমে সম্প্রচারে কোনো বাধা নেই।

দেশের বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’ ১৬ বছর আগে বন্ধ হয়ে যায়। ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার কিছু পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক এবং প্রতিহিংসাবশত শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে জনপ্রিয় এই গণমাধ্যমটির সম্প্রচারে হস্তক্ষেপ করেন।

আরও পড়ুন:  হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

পরে হাইকোর্ট বিভাগে মামলা করেন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। কিন্তু সরাসরি তৎকালীন সরকারের অন্যায় নির্দেশে মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *