বাংলাদেশ-স্পেনের বাণিজ্যিক সম্পর্ক: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও স্পেনের মধ্যে পারস্পরিক সুবিধার জন্য ব্যবসা-বাণিজ্য শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ জুলাই) গণভবনে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রুর সাথে সাক্ষাৎকালে তিনি এ গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন।

নাঈমুল ইসলাম খান জানান, প্রধানমন্ত্রী স্প্যানিশ রাষ্ট্রদূতকে বাংলাদেশে তাঁর দেশের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে আহ্বান জানান। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বাংলাদেশে প্রায় ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। শেখ হাসিনা আরও বলেন, “স্প্যানিশ বিনিয়োগকারীরাও সেখানে বিনিয়োগ করতে পারেন। কারণ আমরা স্পেন থেকে আরও বিনিয়োগ প্রত্যাশা করছি।”

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে স্পেনের সমর্থনও চান।

আরও পড়ুন:  বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, বৈঠকে আরও জানানো হয় যে, দুই দেশের মধ্যে অংশীদারিত্ব চুক্তির জন্য আলোচনা হবে, যা আগামী সেপ্টেম্বরে শুরু হবে। বর্তমানে স্পেনে প্রায় ৬০ হাজার বাংলাদেশি বসবাস করছে। প্রধানমন্ত্রী স্পেনের প্রতি বিশেষ করে আইটি খাত থেকে আরও বেশি বাংলাদেশি নেওয়ার আহ্বান জানান।

স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু বলেন, বর্তমানে তার দেশ বাংলাদেশ থেকে শুধু তৈরি পোশাক (আরএমজি) আমদানি করে এবং বাংলাদেশের সিমেন্ট খাতে স্পেনের বিনিয়োগ রয়েছে। তিনি বাংলাদেশের চলতি অর্থবছরের বাজেটের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকার শিক্ষা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে গুরুত্ব দিয়েছে।

মারিয়া সিস্তিয়াগা আরও বলেন, “এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আপনার বর্ধিত আগ্রহ ও বরাদ্দ আমাদের দেশের সাথেও মিলেছে।”

আরও পড়ুন:  চলতি অর্থ বছরে সরকারি খরচে বিদেশ ভ্রমণ বন্ধ

রাষ্ট্রদূতের মাধ্যমে তাঁকে স্পেন সফরের আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বৈঠকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *