আবার চালু হয়েছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার (৫ জুলাই) ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা বিজি-২০৮ ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে এ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটিতে ২৭২ জন যাত্রী ছিলেন। হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে গত ১ মার্চ থেকে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। বিরতি শেষে আবার এ রুটে ফ্লাইট চালু হলো। আপাতত সপ্তাহে দুই দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

ফ্লাইটটি সিলেটে পৌঁছানোর পর যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

আরও পড়ুন:  মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর হবে দক্ষিণ এশিয়ার সিম্বল

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। যাত্রীসেবার মান বজায় রেখে এ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফ্লাইটটি পুনরায় চালু করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভবিষ্যতে সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের কার্যকর বিমানবন্দর এবং আঞ্চলিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখারও আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, নির্বাচনের আগে প্রবাসীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর এ রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে।

আরও পড়ুন:  সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ম্যানচেস্টার থেকে আসা যাত্রী পারভীন বেগম বলেন, ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাজ্যপ্রবাসী, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়েছিল। সরাসরি ফ্লাইট আবার চালু হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন।

এ সময় সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হফিজ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *