রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে ২৬টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩টি হাটে পশু বিক্রি হবে।

ঢাকার দুই সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এসব হাটের ইজারাদার ঠিক করতে ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অস্থায়ী পশুর হাট বসবে ১২টি। পাশাপাশি সারুলিয়া স্থায়ী হাটেও কোরবানির পশু বিক্রি হবে।

অস্থায়ী হাটগুলো বসবে পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ে খালি জায়গায়, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায়, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গায়, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা ও শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ডের খালি জায়গায়।

এ ছাড়া আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন-১ ও ২–এর খালি জায়গায়, শিকদার মেডিকেল–সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গায়, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্প–সংলগ্ন রাস্তার অব্যবহৃত জায়গায়, দয়াগঞ্জ রেলক্রসিং থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত রাস্তার খালি জায়গায়, মোস্তমাঝি মোড় মোড়–সংলগ্ন বনশ্রী হাউজিংয়ের খালি জায়গায়, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশের খালি জায়গা এবং গোলাপবাগের আউটার স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের খালি জায়গায় কোরবানির পশুর হাট বসবে।

আরও পড়ুন:  রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে যেতে দেয়নি ইউনূস সরকার

অন্যদিকে গাবতলী স্থায়ী পশুর হাটের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১২টি অস্থায়ী পশুর হাট বসবে। হাটগুলো হচ্ছে খিতক্ষেত বাজার–সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা, মিরপুর সেকশন ৬ (ইস্টার্ন হাউজিং)–এর খালি জায়গা, মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট–সংলগ্ন খালি জায়গা, মেরুল বাড্ডা কাঁচাবাজার–সংলগ্ন খালি জায়গা, পূর্ব হাজীপাড়া, ইকরা মাদ্রাসার পাশের খালি জায়গা, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট রাস্তা–সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর–সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা অ্যাভিনিউ–সংলগ্ন উত্তরা রানাভোলা স্লুইসগেট পর্যন্ত খালি জায়গা, কাঁচকুড়া বাজার–সংলগ্ন রহমান নগর আবাসিক এলাকার খালি জায়গা, মস্তুল চেকপোস্ট–সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা এবং ভাটারা সুতিভোলা খাল–সংলগ্ন খালি জায়গায় কোরবানির পশুর অস্থায়ী হাট বসবে।

আরও পড়ুন:  সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন

ঈদুল আজহার ঘোষিত দিনসহ পাঁচ দিন এসব হাটে পশু কেনাবেচা হবে বলে জানিয়েছে দুই সিটি করপোরেশন। যদিও দেখা যায় ইজারার শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের আগে থেকেই এসব হাটে পশু বেচাবিক্রি শুরু হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *