যুদ্ধে ৩ হাজারের বেশি ইরানি নিহত

ইরানে এক মাসের বেশি সময়ের ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে দেশটিতে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় দেশটিতে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ।

বৃহস্পতিবার ইরানের ফরেনসিক বিভাগের প্রধানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইরানজুড়ে ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

দেশটির ফরেনসিক বিভাগের প্রধান বলেছেন, নিহতদের মধ্যে ৪০ শতাংশের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের জন্য ফরেনসিক পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন তিনি।

ইরানি কর্তৃপক্ষ বলছে, ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা বিমান হামলায় দেশটির সামরিক ও কৌশলগত স্থাপনার পাশাপাশি বেসামরিক জানমালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন:  বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত, আহত ২

দেশটির সরকারি সূত্র বলেছে, গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও পরিস্থিতি অত্যন্ত নাজুক। গতকালও লেবাননে ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার পর ইরান এই যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুমকি দিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে তেহরান।

এদিকে, এই যুদ্ধে ইরানের প্রায় ১৪৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা ও হাসপাতাল হামলার লক্ষ্যবস্তু হওয়ায় দেশটিতে ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইরান-লেবাননে ইসরায়েলি-মার্কিন হামলায় বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে ইরানের ফরেনসিক বিভাগ অজ্ঞাতনামা মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা ও শনাক্তকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছে।

আরও পড়ুন:  ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন

সূত্র: রয়টার্স, তাসনিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *