আরও ১২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা আরও এক হাজার ২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে। এসব মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিগত ফ্যাসিস্ট আমলে বিরোধী দলের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এসব মামলা দায়ের করা হয়। অনেক যাচাই-বাছাইয়ের পরই এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ১৭ বছর বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও এক হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  সচিবালয়ে আগামীকালও বিক্ষোভ, দেশের সরকারি কর্মচারীদের একই কর্মসূচি পালনের আহ্বান

এর আগে ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রায় ২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের কথা জানায়। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ  হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছে।

এতে আরও বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে। এই কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে আওয়ামী লীগ সরকার কর্তৃক দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য দরখাস্ত/আবেদন আহ্বান করে। ভুক্তভোগী রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ৩৯টি সভার মাধ্যমে আবেদনসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *