প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। অভিনন্দন বার্তায় বাণিজ্য এগিয়ে নেওয়ার পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সই করার মধ্য দিয়ে মার্কিন সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন তিনি। আজ মার্কিন প্রেসিডেন্টের চিঠি এক্স হ্যান্ডেলে প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করছি।
আমাদের দুদেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার লক্ষ্যে যৌথ স্বার্থের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশ হিসেবে সমৃদ্ধ হতে পারে। আমি আশা করব, আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুদেশের বাণিজ্য সম্পর্কের অসাধারণ গতি বজায় রাখতে আমাকে সাহায্য করবেন। যা আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য উপকারী। আশা করি, আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবেন। যা বাংলাদেশের সামরিক বাহিনীকে উচ্চমানের ও বিশ্বের সেরা মার্কিন তৈরি সামরিক সরঞ্জাম পাওয়ার সুযোগ সৃষ্টি করবে।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করার জন্য আমি আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ। বাংলাদেশে আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে আমাদের উভয় দেশকে আরও সমৃদ্ধ এবং নিরাপদ করার সুযোগ রয়েছে।







