উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদান করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল শুক্রবার মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়ার অনুরোধ করেছে।
আজ বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ইসির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাতে বলা হয়, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সার্বিক সহযোগিতায় করায় সব রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মীকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে শুক্রবার বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ইসি।







