বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড

সংযুক্ত আরব আমিরাতে সোনার দাম নতুন রেকর্ড স্থাপন করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে বেড়ে দাঁড়িয়েছে ৫০২.৫০ দিরহামে; যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এ সময় ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি গ্রামে ৪৬৫.২৫ দিরহামে। গত রবিবার (১২ অক্টোবর) ২৪ ক্যারেটের দাম ছিল ৪৯০.৫০ দিরহাম এবং ২২ ক্যারেটের দাম ছিল ৪৫৪.২৫ দিরহাম।

আন্তর্জাতিক বাজারেও সোনার দর বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৪,১৪১.৫ ডলার; যা আগের দিনের তুলনায় ০.৭০ শতাংশ বেশি। এক মাসে সোনার দাম বেড়েছে ১২ শতাংশেরও বেশি।

মূল্যস্ফীতি, বাজার অনিশ্চয়তা, দুর্বল মার্কিন ডলার, স্থিতিশীল সুদের হার ও ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা স্বর্ণে ঝুঁকছেন।

আরও পড়ুন:  এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ

চলতি বছরের শুরু থেকে সোনার দাম বেড়েছে প্রায় ২৫ শতাংশ; যা শেয়ারবাজার, বন্ড ও তেলের তুলনায় বেশি।
সংযুক্ত আরব আমিরাতে খুচরা বাজারে রেকর্ড দামে সোনার চাহিদায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দাম বৃদ্ধির কারণে সাধারণ ক্রেতাদের গয়না কেনার প্রবণতা কিছুটা কমলেও বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।

মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আন্তর্জাতিক কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ বলেন, ‘দাম বেড়েছে, কিন্তু স্বর্ণে মানুষের আস্থা অটুট।

অনেকেই এখন কম পরিমাণ কিনছেন, তবে বিনিয়োগ হিসেবে সোনার গুরুত্ব আরো বেড়েছে। সোনা কেবল অলংকার নয়, এটি আর্থিক নিরাপত্তার প্রতীক।’
কানজ জুয়েলসের পরিচালক অর্জুন ধনক বলেন, ‘মানুষের কেনার ধরন বদলেছে, কিন্তু কেনা বন্ধ হয়নি। আগে যদি কেউ ১০ হাজার দিরহামের গয়না কিনতেন এখনো সেই টাকায় কিনছেন, তবে ওজন কম পাচ্ছেন। দীপাবলিতে উপহার হিসেবে স্বর্ণের চাহিদা এখনো ভালো, যদিও তুলনামূলক ছোট ও হালকা গয়না বেশি প্রাধান্য পাচ্ছে।’

আরও পড়ুন:  আরব আমিরাতের নতুন ৪ ভিসা চালু, যারা পাবেন

বাংলাদেশের বাজারে সোনার দামও বেড়েছে। প্রতি ভরি ২২ ক্যারেটের দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।

সূত্র : গালফ নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *