প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করার উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ১৯ হেয়ার রোডের এই স্থাপনাটি সংরক্ষণের মাধ্যমে তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বজায় রাখা সম্ভব হবে।
৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এই উদ্যোগের প্রয়োজনীয়তা বেড়েছে, যখন বাসভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে, যা নিশ্চিত করবে যে ভবিষ্যতে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি সুরক্ষিত থাকবে।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এই বিষয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন আজকের পত্রিকাকে বলেন, ‘পুরাকীর্তি আইন, ১৯৬৮ অনুযায়ী এটি সংরক্ষণ করা হলে ভবিষ্যতে কেউ ভবনটির আকার পরিবর্তন করতে পারবে না।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরাকীর্তি আইন, ১৯৬৮–এর বিধান প্রয়োগের মাধ্যমে বাসভবনটির মালিকানা ও ব্যবহার স্বত্ব সুপ্রিম কোর্টের অনুকূলে অক্ষুণ্ন রেখে দৃষ্টিনন্দন ও জাতীয় গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি সংরক্ষণ করা হবে। এতে এটি একটি জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হবে এবং এর মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্ম এই স্থাপনার সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে সচেতন হবে।
গত ২৫ সেপ্টেম্বর প্রধান বিচারপতির সভাপতিত্বে সুপ্রিম কোর্ট প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে প্রধান বিচারপতির বাসভবনের সভাকক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৬ অক্টোবর সুপ্রিম কোর্ট থেকে চিঠি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ ঘোষণার পরিপ্রেক্ষিতে নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী ঢাকাতে স্থানান্তরিত হলে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য যেসব আবাসিক ভবন নির্মাণ করা হয়েছিল, তার মধ্যে এই ভবনটি অন্যতম। ১৯০৮ সালে নির্মিত অনন্য এ স্থাপনার নির্মাণ শৈলীতে মুঘল ও ইউরোপীয় ধ্রুপদি স্থাপত্যরীতির মিশ্রণ পরিলক্ষিত হয়।
১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার পর এই ভবনটি বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হলেও ১৯৫০–এর দশকের শুরু হতে ভবনটি প্রধান বিচারপতির বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শতবর্ষী এ স্থাপনাটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হলে উহা ভবনটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিকট স্থাপনাটির গুরুত্ব ও ঐতিহ্য তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করবে।
…….ডিডিজে নিউজ/এম এফ







